ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে গণপিটুনীতে চোরের মুত্যু ঘটনাকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা । পুলিশ প্রশাসনের ভূমিকা রহস্যজনক

Mahamudul Hasan Babu
June 5, 2026 3:57 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলার অন্তর্গত গাংনীর বামন্দীতে চোরসন্দেহে গণপিটুনিতে প্রকাশ্যে চোরের মূত্যু ঘটনাকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা চলছে। ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারনে পুলিশ প্রশাসন হত্যাকান্ডে জড়িত কাউকে আটক করেনি। এনিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকাবাসী সংক্ষুব্ধ । হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত টায়ারের দোকান মালিক তুষার প্রকাশ্যে ঘুরলেও পুলিশ বৃহত্তর তদন্তের স্বার্থে তাকে আটক করতে গড়িমসি করছে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে কয়েকজনের সম্প্রক্ততার অভিযোগ উঠলেও মামলায় তাদেও নাম না থাকায় এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে সরেজমিনে ঘুরে জানা গেছে, গাংনী উপজেলার বাণিজ্যিক শহর নামে খ্যাত বামন্দী বাসস্ট্যান্ড এলাকার অদূরে তেল পাম্পের বিপরীত দিকে অবস্থিত মোটর গাড়ির টায়ার ব্যবসায়ী খোকন এন্টারপ্রাইজ নামক দোকানে ্ একটি চোরচক্র পিকআপ ভ্যান যোগে চুরি করতে আসে। গত মঙ্গলবার ভোর ৪.৩৭ মিনিটের সময় দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে দোকানের ভিতরে শুয়ে থাকা দোকান মালিক হাসানুজ্জামান বাদলের ছোট ভাই তুষার টের পেয়ে চোরকে জাপটে ধরে ও চোর চোর বলে চিৎকার দেয়। এসময় চিৎকার শুনে আশেপাশের দুজন এগিয়ে এসে মারপিট করতে থাকে । একপর্যায়ে চোরকে পার্শ্ববর্তী জামান ফিলিং স্টেশন(তেল পাম্পে) আটকিয়ে রাখে। পরবর্তীতে খোকন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর হাসানুজ্জামান খবর পেয়ে দোকানে এসে স্থানীয় লোকজনকে হুকুম দিয়ে গণপিটুনী দিয়ে চোরকে হত্যা করে। জানা গেছে, ঘটনা আড়াল করতে তুষারের বড় ভাই হাসানুজ্জামান বাদলের কথামত স্থানীয় বামন্দী পুলিশ ফাঁড়িতেও কোন খবর দেয়া হয়নি।
এনিয়ে সরেজমিনে তদন্তে পার্শ্ববর্তী দোকানদার চা বিস্কুট বিক্রেতা উজ্জ্বল ,স্যানিটেশন দ্রব্য বিক্রেতা খোকন, চা বিক্রেতা ফরহাদ হোসেন, ভ্যান গ্যারেজের মালিক সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনার কিছুই জানিনা বা দেখিনি। আমরা যথারীতি সকাল ৮টা বা সাড়ে ৮ টার দিকে দোকানে এসে জানতে পারি একজন চোরকে মারপিট করা হয়েছে। তখনও চোর জীবিত ছিল । পরবর্তীতে লোকজনের ভীড় দেখতে পেলাম। জানা গেল অজ্ঞাতনামা চোর আর বেঁচে নাই। কে বা কারা গণপিটুনী দিয়েছে আমরা জানিনা। তবে শুনেছি তুষার নিজেই বেধড়ক মারপিট করেছে।
ঘটনার বিবরণ জানতে তুষারের সাথে আলাপকালে সে সাংবাদিকদের জানায় , আপনারা আমাকে জিজ্ঞেস না করে তেল পাম্পের মুন্না ভাইয়ের সাথে কথা বলুন ,সব জানতে পারবেন। আমি চোরকে ধরেছিলাম ঠিকই কিন্তু কে বা কারা মারপিট করেছে আমি তা জানিনা। আমি ঐ সময় ঘুমের ঘোরে কাউকে চিনতে পারিনি।
এব্যাপারে বামন্দী পুলিশ ক্যম্পের আইসি এসআই রফিক জানান,আমরা তাৎক্ষনিকভাবে কোন খবর পাইনি। মঙ্গলবার ভোররাতের ঘটনা হলেও বুধবার সকাল ৯ টারও পরে আমরা জানতে পেরেছি। আমাদেরকে কেউ বিষয়টি অবহিত করেনি। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হত্যার বিষয়ে পুলিশের তদন্ত কাজ চলমান। এই মূহুর্তে আপনাদের গোপন বিষয়াদি নিয়ে কোন তথ্য দেয়া সম্ভব না। আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিছাড়া তথ্য দেয়া ঠিক হবে না। তবে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্ত করার ব্যাপারে পুলিশ মাঠে কাজ করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে চোর সন্দেহে অজ্ঞাত এক চোরচক্রের সদস্যকে পিটিয়ে হত্যা করা হলেও মরদেহ মর্গে নেয়া হয়। এসময় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। পরবর্তীতে চোরের পরিচয় পাওয়া গেছে। পাবনা থেকে এসে মৃত আসাদুল ইসলামের স্ত্রী তাম্মি খাতুন মরদেহ সনাক্ত করে এবং গাংনী থানায় অজ্ঞাত নামা মামলা দায়ের করেন।
এব্যাপারে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, হত্যার রহস্য উদঘাটন করার জন্য আমাদের পুলিশ কাজ করছে।পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।