নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ৮৭টি কেন্দ্রে একযোগে পরিচালিত হচ্ছে।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১ হাজার ৮৭৮ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর জেলার মোট জনসংখ্যা ৫৪ লাখ ২ হাজার ৭৯ জন। জেলার পাঁচটি উপজেলা, একটি সিটি করপোরেশন, তিনটি পৌরসভা ও ৩৮টি ইউনিয়নে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে।
এবারের কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ শিশুকে একটি করে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৭ হাজার ৫৩৯ শিশুকে একটি করে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে জেলায় ৭২ হাজার ৫০০টি নীল এবং ৪ লাখ ৯১ হাজার লাল রঙের ক্যাপসুল বরাদ্দ রাখা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন ৪৯৪ জন টিকাদান কর্মী ও ২ হাজার ১৭৪ জন স্বেচ্ছাসেবী। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিটি কেন্দ্রেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলার কোনো শিশুই যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
অন্যদিকে, জেলার শ্রীপুর উপজেলায় মোট ১ লাখ ৩০ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৮০০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৫ হাজার ৫০০ শিশু রয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শ্রীপুরের আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে ২১৬টি অস্থায়ী কেন্দ্র এবং দুটি অতিরিক্ত কেন্দ্র রয়েছে। এ কর্মসূচির জন্য ১৫ হাজার নীল ও ১ লাখ ১৬ হাজার লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রাখা হয়েছে। পাশাপাশি ২৭ জন প্রথম সারির সুপারভাইজার সার্বক্ষণিক তদারকি করছেন।
শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্কুল, কমিউনিটি ক্লিনিক, ব্যক্তিগত বাসভবন এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে, শ্রীপুর রেলওয়ে স্টেশন ও আল-আরাফ হাসপাতাল এলাকায় অতিরিক্ত কেন্দ্র চালু রাখা হয়েছে, যাতে কোনো শিশুই সেবা থেকে বাদ না পড়ে।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম আনুষ্ঠানিক মন্তব্য না করলেও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্থ, সুন্দর ও মেধাবী ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি শতভাগ সফল করতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি।
