ঢাকাSaturday , 25 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত নিহত বাবাকে হারানোর এক মাস না পেরোতেই নির্মম পরিণতি; হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ

Mahamudul Hasan Babu
July 25, 2026 2:03 pm
Link Copied!

এস. এম. সাইফুল ইসলাম কবির,সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আইনজীবী মহলসহ জেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজাম উদ্দিন শান্ত মোটরসাইকেলযোগে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

একের পর এক পারিবারিক শোক নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিজাম উদ্দিন শান্তের জীবন ছিল নানা বেদনাময় ঘটনার সাক্ষী। মাত্র এক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান তার বাবা তোরাফ আলী। এর আগে তিনি হারিয়েছেন তার মা ও প্রথম স্ত্রীকে। একের পর এক পারিবারিক শোক সামলে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র অবলম্বন হিসেবে তিনি আইন পেশার মাধ্যমে সংসারের দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

নিজাম উদ্দিন শান্তের মৃত্যুতে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা তাকে একজন ভদ্র, বিনয়ী ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে বর্ণনা করেছেন।

তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, “শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের তথ্যও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

রহস্য ঘিরে নানা প্রশ্ন

একজন আইনজীবীকে গভীর রাতে এভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে স্বজন, সহকর্মী ও স্থানীয়দের প্রত্যাশা—দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে।

বাগেরহাটের আইন অঙ্গনের পরিচিত মুখ নিজাম উদ্দিন শান্তের অকাল মৃত্যু তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।ছবি সংযুক্ত আছে।