আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেহেরপুর সদর উপজেলা একাদশ।
শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে। নির্ধারিত সময়ে উভয় দলই একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হলে ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
টাইব্রেকারে সদর উপজেলা একাদশের হয়ে হিমেল, মাহফুজ ও কিরণ তিনজনই সফলভাবে গোল করেন।
অন্যদিকে পৌর একাদশের হয়ে সাব্বির, সেলিম ও রোকন শট নিলেও গোলরক্ষক লাকি সাব্বির ও রোকনের শট দুর্দান্তভাবে প্রতিহত করেন। সেলিমের নেওয়া তৃতীয় শটটি গোলবারের বাইরে চলে গেলে মেহেরপুর সদর উপজেলা একাদশের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী দলের শিমুল ম্যান অব দ্য ফাইনাল, শামীম ম্যান অব দ্য টুর্নামেন্ট, লাকি সেরা গোলরক্ষক এবং হিমেল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খেলা শুরুর আগে মেহেরপুর জেলার মৃত্যুবরণকারী প্রাক্তন ফুটবলারদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবীর ও ভুবেন চন্দ্র হালদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, সাবেক সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদস্য আব্দুস সালাম, প্রাক্তন ফুটবলার মাসুদ করিম ধলস, আবু ইউসুফ মিরন ও এমদাদুল হক, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, ক্রিকেট কাউন্সিলর হাসিবুজ্জামান স্বপনসহ বিপুল সংখ্যক দর্শক।
