ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পথচারীকে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩) এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫)।
এ ঘটনায় আহত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের নুরে আলমের ছেলে নীরব (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুরুতর আহত নীরবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে একজনকে মৃত এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পথচারী আবুল হোসেনকে এর আগেই হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখানে তার মৃত্যু হয়।
