ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে সালিশে মীমাংসার চেষ্টা, আইনগত পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা

Mahamudul Hasan Babu
August 8, 2026 4:21 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নামা নুরপুর এলাকায় পুত্রবধূকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর আবু বক্করের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, শাশুড়ি বাড়িতে না থাকা এবং স্বামী প্রবাসে থাকার সুযোগে তাকে রাতে মাথায় তেল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে স্পর্শ ও হয়রানি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর দাবি, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে প্রথমবার তাকে রাতে মাথায় তেল দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়। মাথায় তেল দেওয়ার একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা হয়। তিনি বাধা দিয়ে নিজ কক্ষে চলে যান। কয়েকদিন পর আবারও তাকে রাতে ডেকে নিয়ে একই ধরনের আচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিষয়টি কাউকে না জানাতে বলা হয় বলেও দাবি তার।
ভুক্তভোগী বলেন, “শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে আমাকে রাতে মাথায় তেল দেওয়ার জন্য ডাকেন। মাথায় তেল দেওয়ার পর খারাপভাবে টাচ করার চেষ্টা করেন। কয়েকদিন পর আবারও রাতে ডাকেন। তখন শরীরে হাত দেওয়ার পাশাপাশি পিঠে টিপ দেন এবং গলা ধরে কাঁধের দিকে মুখ লাগিয়ে চুমু দেওয়ার চেষ্টা করেন। আমি বাধা দিয়ে কেন এমন করছেন জানতে চাইলে বিষয়টি কাউকে না বলতে বলেন।”
ঘটনার বিষয়টি তিনি তার স্বামী, শাশুড়ি ও নিজের মাকে জানিয়েছেন বলে জানান ভুক্তভোগী। বর্তমানে স্বামীর পরামর্শে তিনি মায়ের বাড়িতে অবস্থান করছেন বলেও জানান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, “আমরা বিষয়টি তার পুত্রবধূর মাধ্যমে জেনেছি। তিনি আমাদের জানিয়েছেন, মধ্যরাতে মাথায় তেল দেওয়ার বাহানায় তাকে রুমে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়া, পিঠে হাত দিয়ে টিপ দেওয়া এবং গলা ধরে ঘাড়ে চুমু দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমার জানামতে, এই লোকের পূর্বেও দুই-তিনটি এ ধরনের ঘটনা রয়েছে। তাই বিষয়টি তদন্ত করে বিচার হওয়া উচিত।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবু বক্কর। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা। আমি এ ধরনের কোনো ঘটনা ঘটাইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
এদিকে অভিযোগের বিষয়টি নিয়ে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় যুবদল নেতা রাসেল ও একজন ইউপি সদস্য সালিশের দায়িত্ব গ্রহণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সালিশের মাধ্যমে বিষয়টি কীভাবে নিষ্পত্তি করা হবে কিংবা ভুক্তভোগীকে আইনগত পদক্ষেপ নিতে দেওয়া হবে কি না এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের গুরুতর অভিযোগ স্থানীয় সালিশে নিষ্পত্তির পরিবর্তে যথাযথ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।