ঢাকাTuesday , 11 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে ভূমি সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 11, 2026 3:07 pm
Link Copied!

আবু সলমান  রামগতি লক্ষ্মীপুর:লক্ষ্মীপুরের রামগতিতে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান, সেবার তথ্য, বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান খোলা ও অন্যান্য ভূমিসেবা সহজে গ্রহণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় ডিজিটাল প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ভূমিসেবা গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, রামগতি উপজেলায় মোট ৩৪টি মৌজা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৯টি মৌজা সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং আরও ৫টি মৌজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ১৮টি মৌজায় ইতোমধ্যে আরএস জরিপ সম্পন্ন হয়েছে। বাকি মৌজাগুলো এখনো জরিপের আওতায় আসেনি।
এ সময় ভূমি সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দখল ও ভোগান্তির অভিযোগ তুলে ধরেন কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ভূমিমালিক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি। প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্টদের দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেন।
পরে ভূমি সংক্রান্ত প্রশ্নোত্তর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।