আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের মুজিবীয়া ও হাফিজিয়া মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করায় তাদের সম্মানে দোয়া ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর হেফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থী হলেন,মো. আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ সাকিবুল ইসলাম, মো. নোমানের ছেলে মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মোস্তফার ছেলে মোহাম্মদ রাসেল এবং মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মোহাম্মদ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান সহকারী হাফেজ ইয়াসিন বলেন, “আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ বছর পাঁচজন শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেছে। প্রতিবছর এভাবে শিক্ষার্থীরা হেফজ সম্পন্ন করছে। আমরা চাই, তারা সুন্দরভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক এবং ভবিষ্যতে বড় আলেম হিসেবে গড়ে উঠুক। শিক্ষার্থীদের হেফজ সম্পন্ন করার পাশাপাশি তাদের পড়াশোনার মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
মাদ্রাসার প্রধান মাওলানা নুরুদ্দিন বলেন, “আমাদের মাদ্রাসার শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেন। নূরানী থেকে শুরু করে হেফজে খাস পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের পাঁচ শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেছে। আমরা চাই, তারা ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে যোগ্য আলেম হিসেবে গড়ে উঠুক।”
অনুষ্ঠান শেষে হেফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
