ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে লন্ডনপ্রবাসীর সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
August 17, 2026 1:59 pm
Link Copied!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন লন্ডনপ্রবাসী ব্যারিস্টার খোরশেদ আলম। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার মাওনা এমসি বাজার (জপ্তারপাড়) এলাকায় নিজ জমিতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে খোরশেদ আলম বলেন, ১৯৭২ সালে তাঁর বাবা মজিবুর রহমান রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মাওনা এলাকার ৮ নম্বর মুলাইদ মৌজার ১৭ শতাংশ জমির মালিক হন। বাবার মৃত্যুর পর ২০২৪ সালে বণ্টননামা দলিলের মাধ্যমে ভাই-বোনেরা নিজ নিজ অংশের মালিকানা লাভ করেন। বর্তমানে তিনি তাঁর অংশের জমিতে স্থাপনা নির্মাণ করছেন।

তিনি অভিযোগ করেন, গত শনিবার (১৫ আগস্ট) নির্মাণকাজ চলাকালে কামরুল হাসান আজাদ, মাহমুদুল হাসান সোহাগসহ কয়েকজন সেখানে গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন। পরে কয়েকজন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি ঘটনাটিকে ‘জমি দখল’ হিসেবে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন বলে অভিযোগ করেন তিনি।

খোরশেদ আলম বলেন, ‘আমি পৈতৃক সূত্রে পাওয়া নিজের জমিতে নির্মাণকাজ করছি। এটিকে জমি দখল বলা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’ অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে কামরুল হাসান আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।