মোঃ সাইফুর রশিদ চৌধুরী ।গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশ। গত ১৮ আগস্ট মধ্যরাতে শহরের এলজিইডি মোড়ের নবীনবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা এবং ৪৪ লাখ টাকা মূল্যের একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ ১৪-৬২৫৩) জব্দ করা হয়েছে। পুলিশের ভাষ্য মতে গাড়িটির নম্বর ভূয়া সন্দেহে তদন্তাধীন রয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনের নির্দেশনায় জেলা জুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ আগস্ট রাত ১২টার দিকে এএসপি (ক্রাইম এন্ড অপস) মো. হাসানুর রহমান ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নয়ন চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি গাড়ি থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ ও সাথে থাকা স্যুটকেস তল্লাশি করে ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ১০০ টাকা মূল্যমানের ৬৪,১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুড় এলাকার ঝিলু মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী কড়পাড়া হালে গোপালগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর চর সোনাকুড় শ্মশান ব্রিজ সংলগ্ন ওয়াসিম মোল্লা (২৫)।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। মাদকের সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে এবং সে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জেলার সার্বিক নিরাপত্তা ও মাদক মুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
