মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টম্বর বৃহস্পতিবার মাগুরায় রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা, মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভা এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোতাকাব্বীর আহমেদ।
রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভায় রোভার স্কাউটসের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের মাধ্যে নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভায় মাদরাসার শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক বিষয়, শিক্ষার পরিবেশ এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরবর্তীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে এল এ চেক বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ক্ষতিপূরণের চেক প্রদান করা হয় এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম যথাযথ নিয়মে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী এসব কার্যক্রমে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউটসের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
