ঝিকরগাছা অফিস : সত্যের পক্ষে জোরালো ভূমিকা রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) রাত ৮টার সময় ওয়াপদা রোডস্থ সরকার এগ্রো লিমিটেডের অফিস রুমে এক আবেগঘন পরিবেশে কেক কাটা ও সুধী আলোচনা সভার মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খোলাকাগজ, দৈনিক সত্যপাঠ ও সাপ্তাহিক আঁচড় পত্রিকার প্রতিনিধি এবং মাল্টিমিডিয়া ডটকম সার্ভিসে’র পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। প্রধান অতিথির মূল্যবান বক্তব্যে তিনি বলেন, সংবাদপত্রের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা। সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সাধারণ মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে নিরপেক্ষ সাংবাদিকতার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন তারুণ্যের দীপ্তিতে বলীয়ান হয়ে গণমানুষের আস্থা অর্জন করবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন থেকে সংবাদ পরিবেশনে এক নতুন মাত্রা যোগ করবে।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’র ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’র যশোর জেলা প্রতিনিধি মোঃ আবুল বাসার। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’র মণিরামপুর প্রতিনিধি নয়ন রায়, দৈনিক রূপান্তর প্রতিদিন বিশেষ প্রতিনিধি মিঠুন সরকার, দৈনিক প্রজন্মএকাত্তর প্রতিনিধি আলমগীর হোসেন আলম, দৈনিক বিডি খবর প্রতিনিধি শাকিল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আদম সহ রানা আহমেদ, শৈলেন সরকার, ইয়াছিন আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা একসঙ্গে কেক কাটেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে বলিষ্ঠ পথচলার শুভকামনা জানান। এর মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনদের এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
