মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:সারাদেশে তরুণদের খেলাধুলায় সম্পৃক্তকরণ, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাগুরা সদর থানার উদ্যোগে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার মাগুরা কাবাডি ক্লাব প্রাঙ্গণ, বাঁকাহরিশপুরে মাগুরা কাবাডি ক্লাব আয়োজিত উদ্বোধনী খেলায় ৮নং জগদল ইউনিয়ন দল বনাম ১২নং কুচিয়ামোড়া ইউনিয়ন দল অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের আইজিপি এর নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন নয়; বরং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), থান্দার খায়রুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী খেলায় কুচিয়ামোড়া ইউনিয়ন জগদল ইউনিয়নকে পরাজিত করে। খেলায় প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত ছিলো।খেলায় সার্বিক তত্তাবধানে ছিলেন জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় সাজিদ হোসেন।
