মোঃ নাজিম উদ্দিন শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
সমাবেশে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, ২৮ অক্টোবরের সহিংসতা ও প্রাণহানির ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে। তাঁদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা জরুরি।
বক্তারা বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাঁরা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত ঘটনার বিচার দাবি করেন।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও পৌরসভা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
