মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর জখমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীরা মসজিদের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ মে) জুমার নামাজ শেষে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।
আহতদের মধ্যে মোক্তার শেখ, দুলাল মণ্ডল ও রেজাউল শেখ গুরুতর জখম হয়েছেন। গুরুতর আহত মোক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরজোকা গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দুলু।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সকালে। লাল্টু শেখ নামে এক কৃষককে মাঠে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে দুপুর দেড়টার দিকে সাচ্চু গ্রুপের সমর্থকরা চরজোকা পশ্চিমপাড়া বাইতুল মুকাররম জামে মসজিদের সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুলু সমর্থিত লোকজন মসজিদের ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হলে হামলাকারীরা মসজিদের একটি অংশের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
তবে মসজিদে ঢুকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মিনহাজুল ইসলাম সাচ্চু। তিনি দাবি করেন, প্রতিপক্ষের লোকজনই আগে তাদের ওপর হামলা চালায় এবং সংঘর্ষের সময় আহত কেউ মসজিদে আশ্রয় নিতে পারে।
অন্যদিকে, হাবিবুর রহমান দুলু অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার সমর্থকদের লক্ষ্য করে মসজিদের ভেতরে ঢুকে হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, সামাজিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
