পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম এলাকায় মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আজিজিয়া পঞ্চগড়ের প্রধান মুরুব্বি আল্লামা মাহফুজুল হক (দা: বা:)। তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরের প্রধান মুরুব্বী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এসময় জামিয়া রাহমানিয়া আজিজিয়া পঞ্চগড়ের মুতাওয়াল্লি মো: আবু ইউসুফ, বিভিন্ন মাদরাসার পরিচালক, স্থানীয় ওলামায়ে কেরাম, ইউপি সদস্য সহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।
পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন তিনি। এসময় দ্বীনের খেদমতে সকলকে এগিয়ে আসার আহ্বান, মাদরাসা প্রতিষ্ঠায় স্থানীয় মানুষজন সহ সকলের সহযোগিতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এর আগে এ উপলক্ষে মাদরাসার জমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আজিজিয়া পঞ্চগড়ের প্রধান মুরুব্বি আল্লামা মাহফুজুল হক (দা: বা:) বলেন, দ্বীনি শিক্ষার প্রসারের পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এ মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২৪ ঘন্টার মধ্যে ১২-১৩ ঘন্টা এখানে আল্লাহ কালাম পাঠ হবে। হেফজ, নাজেরা সহ নানা বিভাগ থাকবে। যাতে ছেলে ও মেয়ে উভয় বিভাগ থাকবে।
তিনি আশা প্রকাশ করে , এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে এ মাদ্রাসা একটি মাইলফলক হয়ে উঠবে।
উল্লেখ্য পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম এলাকায় ১২০ দশমিক ৪৩ একর জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদরাসা। পঞ্চগড় সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শীতা গ্রাম হেলিপ্যাড এলাকায় প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন এলাকাবাসী।
