মোঃজাহেরুল ইসলাম. আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের আটোয়ারীতে অধিক ফলনের লোভ দেখিয়ে নিম্নমানের ভুট্টা বীজ সরবরাহ করে কৃষকদের ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদে এবং ক্ষতিপুরণ আদায়ের দাবীতে হিমালয় সিডস্ কোম্পানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কৃষকগণ। সোমবার সকালে (১০ আগস্ট) উপজেলার কিসমত রেলগেটে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অংশ নেন রাধানগর মালিগাঁও এলাকার প্রায় ৭০ জন কৃষক। সংবাদ সম্মেলনে কৃষকদের অভিযোগ, হিমালয় সীডস্ কোম্পানির কর্মকর্তা/কর্মচারীদের আশ^স্থতায় অধিক ফলনের আশায় এলাকার কৃষকেরা ওই কোম্পানীর এইচ.এম ৩৭৫৫ জাতের ভুট্টার বীজ ক্রয় করে জমিতে চাষ করেন। কোম্পানির পক্ষ থেকে ভুট্টার ফলন প্রসঙ্গে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও, জমিতে চাষের পর সেই প্রতিশ্রুতির অর্ধেকেরও কম ফলন পেয়েছেন কৃষকগণ। এ প্রসঙ্গে ভুক্তভোগী কৃষক মোঃ খিমারউদ্দিন ক্ষোভের সাথে বলেন, ৩ বিঘা জমিতে ৩৭৫৫ জাতের ভুট্টা লাগিয়েছেন। কোম্পানির লোকজন বলেছিল সোনার ফসল হবে, অথচ ভুট্টাক্ষেতে আগাছা ছাড়া কিছু নাই। ক্ষতিগ্রস্থ আরেক কৃষক মনতাজ উদ্দীন আরো জানান, এইচ.এম ৩৭৫৫ জাতের ভুট্টার গাছ খাঁটো, মোচা ছোট এবং বেশিরভাগ মোচায় দানা আসেনি। কোথাও কোথাও মোচা আসার আগেই গাছ মরে গেছে। বেশীরভাগ কৃষক বলছেন, উৎপাদন খরচের ৪০% টাকাও তারা ঘরে তুলতে পারেন নি। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষকদের এখন পথে বসার মতো উপক্রম তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ কৃষকগণ অবিলম্বে হিমালয় সীডস্ কোম্পানির কাছে তাদের ক্ষতিপূরণ দাবি করেন। একইসাথে এধরনের প্রতারণা বন্ধ করে কৃষি উপকরণের গুণগত মান নিশ্চিৎ করতে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা চান এলাকার কৃষকমহল।
