ঢাকাSunday , 7 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

Mahamudul Hasan Babu
December 7, 2025 4:27 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে হরিপুরে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮টার দিকে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলার সমর্থকরা এ মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে দাবি জানান—ডা. আব্দুস সালামের পরিবর্তে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলাকে বিএনপির প্রার্থী ঘোষণা করতে হবে।
পরে মিছিলটি দামোল বাজার এলাকা ঘুরে আবারও চৌরঙ্গী বাজারে এসে শেষ হয়। বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।
অবরোধ ও বিক্ষোভ প্রসঙ্গে অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলা বলেন, “নেতা-কর্মীরা মনে করছেন সবদিক বিবেচনায় আমিই মনোনয়ন পাওয়ার যোগ্য। কেউ হয়তো হাইকমান্ডকে ভুল তথ্য দিয়েছেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার মাধ্যমে তাঁরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তবে আমি বলেছি—কোনো বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।”
অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম বলেন, “এই আসনে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যাচাই-বাছাই করেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। বিএনপিতে উগ্রতার জায়গা নেই। ঠাকুরগাঁও-২ আসনের মানুষ আমার সঙ্গে রয়েছেন।”