এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে সূর্যমুখী চাষে সফল হয়েছেন কৃষক রবিউল ইসলাম। তার সফলতা দেখে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন অন্যান্য কৃষকরাও। সূর্যমুখী চাষী রবিউলের বাড়ী দিনাজপুর জেলার বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের গরুল গ্রামে। তিনি এবার তার প্রায় এক বিঘা জমিতে এই সূর্যমুখীর চাষ করে এলাকায় ব্যপক সাড়া ফেলেছেন।
এদিকে উপজেলা কৃষি অফিসের একটি সূত্র জানিয়েছে, এ বছর রেকর্ড পরিমান আবাদ হয়েছে এই সূর্যমুখীর। কম খরচে বেশী লাভ হবার কারণে হাসি ফুটেছে কৃষকদের মুখেও। সেই সাথে বাড়ছে চাষীর সংখ্যাও।
এবার এ উপজেলায় ৪ হেক্টর জমিতে ফুটেছে সূর্যমুখী। নয়ন জুড়ানো এ দৃশ্য দেখে কৃষকের মুখে হাসি ফুটার পাশাপাশি আকর্ষণ করছে প্রকৃতি প্রেমীদের। অনেকে ছবি ও সেলফি তুলছে এসব সূর্যমুখী ক্ষেতে।
এব্যপারে বিরল উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, সূর্যমুখী চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষন ও সার, বীজ সহায়তা প্রদান করা হচ্ছে। আধুনিক পদ্ধুতিতে চাষাবাদ করলে সূর্যমুখী হতে পারে একটি অর্থকারী লাভ জনক ফসল। সরকারের পক্ষ থেকে ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমাতে কৃষকদের প্রনোদনা দিয়ে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সূর্যমুখী চাষে সফল কৃষক রবিউল ইসলাম বলেন, আমি গত বছর প্রাথমিক ভাবে সূর্যমুখী আবাদ করে সফল হই। তাই এবারে প্রায় ১ বিঘা জমিতে এই সূর্যমুখীর আবাদ লাগিয়েছি। আবহাওয়া অনুকুলে থাকলে গতবারের চেয়ে এবার বেশী লাভ হবার সম্ভাবনা রয়েছে। আমার এই সূর্যমুখী ফুল প্রকৃতি প্রেমীদের দারুণ ভাবে দৃষ্ট আকর্ষণ করছে। আমি নিজেও বিমোহিত। মন খারাপ থাকলে এই সূর্যমুখী ফুল গুলোর দিকে তাকালেই যেন মন ভালো হয়ে যায়। প্রতিদিন দর্শণার্থী ও প্রকৃতি প্রেমীরা আমার ক্ষেতে এসে ভীড় জমায়।
তিনি বলেন, এই সূর্যমুখী চাষে উপজেলা কৃষি অফিস থেকে সকল প্রকার সহযোগীতা করেন এবং কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষন প্রদান করে থাকেন। আমি মনে করি এই সূর্যমুখী চাষ করে লাভবান হওয়া সম্ভব।
