উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের প্রামানিকপাড়ায় অবস্থিত খাদিজাতুল কোবরা নামের একটি আবাসিক মহিলা মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রতিষ্ঠানটির একটি ভবনসহ ভেতরে থাকা আসবাবপত্র, শিক্ষাসামগ্রী ও গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
অল্প সময়ের মধ্যেই আগুন মাদ্রাসার একটি ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয় এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা ও আশপাশের স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে রক্ষা পাওয়া যায়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমেদ জানান, আমরা বিকেল ৩টা ১০ মিনিটে খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে হয়েছে।
তবে কোনো হতাহাতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
