আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর আলেকজান্ডার বাজারে বিক্ষোভ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। মিছিল শেষে রহমানিয়া জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিবলী নোমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বেল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে ট্রেন ও বাসে বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তিনি এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
