মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জ্বালানী (অকটেন) অবৈধ মজুদ ও উচ্চমূল্যে গোপনে বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের রায়ে জেল-জরিমানা হয়েছে। জানাগেছে, শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়দাপ (পল্লীবিদ্যুৎ মোড়) এলাকার আরিফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ আরিফ হোসেন (২৭) ১৯৮০ লিটার অকটেন অবৈধভাবে মজুদ করে উচ্চমূল্যে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে উচ্চমূল্যে অকটেন বিক্রির সময় হাতে নাতে ক্রেতা-বিক্রেতাকে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমান আদালতের চৌকশ অভিযানকারী টিম। তাৎক্ষনিক বড়দাপ গ্রামের মোঃ আবুল কাসেমের পুত্র আরিফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ আরিফ হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানী মজুদ ও উচ্চমূল্যে গোপনে বিক্রি করার অপরাধে বাংলাদেশ পেট্রোল আইন ২০১৬, ২০(১)(ক) ধারা মোতাবেক ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার অর্থাদন্ডাদেশ এবং অবৈধভাবে জ্বালানী (অকটেন) ক্রেতা সুখ্যাতি গ্রামের মোকসেদ আলীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। এসময় ১৯৮০ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত অকটেন পরদিন শনিবার ন্যায্যমূল্যে প্রকাশ্যে বিক্রি করা হবে মর্মে ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার। ইউএনও রিপামনি দেবী বলেন, সাধারণ মানুষের জ্বালানী দুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসন ,পুলিশ প্রশাসনকে নিয়ে রাত দিন নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছে । আর কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানী অবৈধ মজুদ রেখে বাজারে সংকট তৈরী করছে। এবার সতর্কতামূলক শাস্তি দওয়া হলো। এরপর আবারো একই অপরাধ করলে বিধি মোতাবেক যে শাস্তি দেওয়া হবে, তার শাস্তি দেখলে অন্যান্য অসাধু ব্যবসায়ীরা কোনদিন এমন অপরাধ করার সাহস করবে না।
