রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (৪এপ্রিল) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, চরপুটিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আইড়মারী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে মাদক পাচার ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। এমনকি তার বাড়ির পাশে দীর্ঘদিন ধরে গাঁজা চাষের অভিযোগও করেন এলাকাবাসী।
রফিক মিয়া,লাভলু,আব্দুল আলিম,আমিনুর ইসলাম ও সুন্দর আলীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, আব্দুল কুদ্দুস খানের মাদক ব্যবসার কারণে স্থানীয় যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
বক্তারা আরও জানান,আব্দুল কুদ্দুস খান পূর্বে একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার এই কর্মকাণ্ডের ফলে এলাকার সামাজিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং দরিদ্র মানুষকে প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসায় জড়ানো হচ্ছে।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশ্ন তোলেন,একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক দলীয়ভাবেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে আব্দুল কুদ্দুস খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
