ঢাকাFriday , 17 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এবার মুজিবনগরে নেই কোনো সরকারি  কর্মসূচি

Mahamudul Hasan Babu
April 17, 2026 12:12 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

তার আগে ওই বছরের ১০ এপ্রিল   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। এম এ জি ওসমানীকে সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।

প্রবাসী এবং অস্থায়ী সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। মুজিবনগরে তৎকালীন সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা মাহবুব উদ্দিন আহমদের (বীরবিক্রম) নেতৃত্বে ১২ জন আনসার সদস্য বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। সেদিনের  সেই মহতী অনুষ্ঠান প্রত্যক্ষ করেছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক, পর্যবেক্ষক এবং বিশিষ্ট বাজনীতিবিদরা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে একটি রেডিও সেন্টার স্থাপন করে প্রথম সরকারের শপথ অনুষ্ঠান সারা দেশে সম্প্রচার করা হয়েছিল এবং মুজিবনগর সেদিন পেয়েছিল ঐতিহাসিক মর্যাদা।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার ধারাবাহিকতায়   মুজিবনগরে শপথ নেওয়া অস্থায়ী  সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জন  হয়।

এবার নেই সরকারি কোনো কর্মসূচি :

প্রতিবছর সরকারিভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও এবার এ বিষয়ে সরকারি কোনো কর্মসূচি নেওয়া হয়নি। মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) শিল্পি রানী রায় বলেন, ‘১৭ এপ্রিল মুজিবগনর দিবস পালন নিয়ে এখন পর্যন্ত (১৬ এপ্রিল দুপুর সোয়া ১টা পর্যন্ত) সরকারি কোনো নির্দেশনা আসেনি। সরকারি নির্দেশনা যা আসবে আমরা তা প্রতিপালন করব।’

বেঁচে আছেন সেদিনের দুই আনসার সদস্য :

১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের  প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ১২ আনসার সদস্যের মধ্যে ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছেন দুজন। তাঁরা হলেন সিরাজ উদ্দিন ও আজিম উদ্দিন শেখ। দুজনই বয়সের ভারে নুইয়ে পড়েছেন। এ বছরও ১৭ এপ্রিল দিবসটি সরকারিভাবে পালন না করাতে আক্ষেপ জানালেন তাঁরা।

আনসার সদস্য সিরাজ উদ্দিন বলেন, ‘আমরা খুব দুঃখ পেলাম। এবার ১৭ এপ্রিল উপলক্ষে ডিসি, ইউএনও, এমনকি কোনো পুলিশ অফিসার আমাদের কিছু বলেননি। সরকার পালন না করলেও আমরা যাব, মুক্তিযুদ্ধে শহীদ ও আমাদের সহযোদ্ধা যাঁরা মারা গেছেন তাঁদের জন্য দোয়া করব।’