ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে বুড়িমারী স্থলবন্দর ৪ দিন বন্ধ

Mahamudul Hasan Babu
April 21, 2026 9:09 am
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে টানা ৪ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল সীমান্ত এলাকায় চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করা হবে। এ কারণে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এর বিপরীতে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর দিয়েও পণ্যবাহী ট্রাক চলাচল স্থগিত থাকবে।

এদিকে বাংলাদেশে শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে চার দিন বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম। আগামী ২৫ এপ্রিল থেকে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ভারতের কোচবিহার জেলার ম্যাজিস্ট্রেট জিতিন যাদব স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী নির্বাচনকালীন সময়ে সীমান্ত এলাকায় নিষেধাজ্ঞা জারি থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ-কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ, আমদানি-রপ্তানিকারক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যাংক ও আইনশৃঙ্খলা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

তবে বুড়িমারী ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, জরুরি চিকিৎসাসেবা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের সীমিত আকারে যাতায়াতের সুযোগ থাকবে। সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন, নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে পাওয়া গেছে এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে।