সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক হৃদয়বিদারক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ৯ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে স্থানীয় এক বৃদ্ধা বাড়ির দরজা খোলা দেখে সন্দেহবশত ভেতরে উঁকি দিলে রক্তাক্ত অবস্থায় চারজনের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি নিশ্চিত করেন এবং দ্রুত থানায় খবর দেন।
খবর পেয়ে সকাল ৮টার দিকে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে পুলিশ এখনো ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশ পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং নিয়ামতপুর থানা পুলিশের সমন্বয়ে তিনটি পৃথক টিম গঠন করা হয়েছে। দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তারা তৎপর রয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
