ঠাকুরগাঁও প্রতিaনিধি: মোটরসাইকেলের দীর্ঘ সারি, হাতে ফুয়েল কার্ড যাচাই করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন পুলিশ। সব মিলিয়ে দেখলে মনে হবে বৈধ কোনো কার্যক্রম চলছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই চিত্রের আড়ালেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে কালোবাজারি থেকে সংগৃহীত জ্বালানি তেল।
সোমবার এমন চিত্র দেখা গেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশে অবস্থিত ‘এস আর ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানে।
সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেল আরোহীদের লম্বা লাইনে দাঁড়িয়ে অকটেন সংগ্রহ করতে। প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। পুরো প্রক্রিয়ায় উপস্থিত রয়েছেন প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে সাধারণ মানুষের কাছে এটি বৈধ কার্যক্রম বলেই প্রতীয়মান হচ্ছে।
কিন্তু নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র ডিপো থেকে অনুমোদিত ফিলিং স্টেশনগুলোই পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহ ও বিক্রির অধিকার রাখে। অন্যদিকে অনুমোদিত এজেন্সিগুলো নির্দিষ্টভাবে ডিজেল ও কেরোসিন বিক্রি করতে পারে। সেই হিসেবে ‘এস আর ট্রেডিং’-এর এই কার্যক্রম স্পষ্টতই নিয়মবহির্ভূত।
স্থানীয় একাধিক মোটরসাইকেল চালক জানান, আমাদের তেল প্রয়োজন, তাই কিনছি। এটা বৈধ না অবৈধ—সেটা আমরা জানি না। যদি অবৈধ হতো, তাহলে প্রশাসন ও পুলিশ এখানে থাকত না। বিষয়টি দেখার দায়িত্ব তাদের।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির মালিকের ছেলে মোহাম্মদ সুমন বলেন, আজ প্রায় ৫ হাজার লিটার অকটেন বিক্রি করা হবে। আমরা এসিল্যান্ড স্যারকে অবহিত করেছি এবং অনুমতি নিয়েই বিক্রি করছি। এসব অকটেন আগে বিভিন্ন পার্টির কাছ থেকে অল্প অল্প করে সংগ্রহ করা হয়েছিল।
তবে এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, যদি তাদের কোনো অনুমতি না থাকে, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি)-কে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রশাসনের উপস্থিতিতে এমন কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে অনিয়ম বন্ধ হবে কীভাবে—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।
