ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবসে শ্রীপুরে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ

Mahamudul Hasan Babu
June 8, 2026 2:50 pm
Link Copied!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকায় অবস্থিত খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ক্লাইমেট সেন্টার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সিসিডিবি ক্লাইমেট সেন্টারের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিশু পল্লী প্লাস, ১৪ নম্বর পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫৬ নম্বর পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সবুজ পৃথিবী গঠনের বার্তা। শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিত্রকর্মে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, খরা, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

উত্তর পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান ফরহাদ বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এবং অর্থায়ন করে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানি। কর্মসূচির শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় সিসিডিবির মো. সুজন, শিশু পল্লী প্লাসের মিলন রব, শিক্ষক আতিকুল ইসলাম, মামুনুর রশিদ, আফরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।