রাকিবুল ইসলাম উত্তর প্রতিনিধি (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে ৩ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে বাঁশ ও সুপারি গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আব্দুল গনি ও ছুটিতে আসা সৈনিক আব্দুল্লাহর পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গত ছয় মাস ধরে আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, আব্দুল গনির বাবা মৃত জহর আলী প্রায় ৩০ বছর আগে মৃত আফান আলীর কাছ থেকে ওই জমি ক্রয় করেন। এরপর থেকে জমিটির ওপর বাঁশ ও সুপারি গাছ লাগিয়ে ভোগদখল করে আসছিলেন আব্দুল গনি।
অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১১টা থেকে ১২টার মধ্যে সৈনিক আব্দুল্লাহর পরিবারের সদস্যরা বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই জমিতে থাকা বাঁশ ও সুপারি গাছ কেটে ফেলেন। এ সময় জমি দখলের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন আব্দুল গনি।
ঘটনার পর নাগেশ্বরী থানা পুলিশকে বিষয়টি জানানো হলে এএসআই মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জমি দখলের চেষ্টার অভিযোগ এনে আব্দুল গনি নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা
