ঢাকাSaturday , 13 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ব্যবসায়ী হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন, গ্রেপ্তার দুই

Mahamudul Hasan Babu
June 13, 2026 4:22 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগা: নওগাঁর বারোমাসি বিলের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ী শফিকুল ইসলামকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে তার মোটরসাইকেল ও অর্থ লুটে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলেকপুর গ্রামের বাসিন্দা এবং পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায় সফলতা ও আর্থিক লাভকে কেন্দ্র করে পূর্বপরিচিত কয়েকজনের মধ্যে তার প্রতি ঈর্ষা ও লোভের জন্ম নেয়। সেই সূত্র ধরেই হত্যার নীলনকশা তৈরি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার ভীমপুর পাঠাকাটা এলাকার জয়নুল (৩৫) এবং মান্দা উপজেলার সতীহাট শ্রীরামপুর এলাকার আশরাফুল (২৬)। এ ঘটনায় আরও একজন জড়িত থাকলেও তিনি এখনও পলাতক রয়েছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৭ জুন মান্দা উপজেলার সুতিহাট এলাকায় বসে তিন অভিযুক্ত শফিকুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৮ জুন তাকে ভীমপুর কলেজ মোড়ে ডেকে নেওয়া হয়। পরে দুটি মোটরসাইকেলে করে বারোমাসি বিল সংলগ্ন পারঘাটি ব্রিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

সেখানে পৌঁছানোর পর পলাতক অভিযুক্ত পিছন থেকে শফিকুলের গলায় রশি পেঁচিয়ে টান দেয়। একই সময়ে জয়নুল তার হাত এবং আশরাফুল পা চেপে ধরে রাখে। শফিকুল অচেতন হয়ে পড়লেও মৃত্যু নিশ্চিত করতে তাকে পানিতে ডুবিয়ে রাখা হয়। পরে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা।

গত বৃহস্পতিবার বিলের কচুরিপানার নিচ থেকে শফিকুলের মরদেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ তদন্ত টিম মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে প্রথমে নওগাঁ শহর এলাকা থেকে জয়নুলকে এবং পরে মান্দা উপজেলা থেকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। হত্যার পর শফিকুলের কাছে থাকা প্রায় ১ হাজার ৫০০ টাকা তিনজন নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পুলিশ অভিযানে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।