আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি চায়ের দোকানের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু এবং হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের চায়ের দোকানের পাশ থেকে এসব উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চিরকুটে চায়ের দোকানে বিএনপির কোনো নেতাকর্মী যেন না বসে, সে ধরনের হুমকিমূলক বার্তা লেখা ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানা সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ ঘটনাটির উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
