সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় বায়ুদূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুজনুর ইসলাম সুজন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী (পাথর ও বালি) সড়কের ওপর ফেলে রাখা হয়েছে এবং সেগুলো যথাযথভাবে ঢেকে রাখা হয়নি। এর ফলে আশপাশে ধুলাবালির সৃষ্টি হয়ে বায়ুদূষণের ঝুঁকি তৈরি হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও তা আদায় করা হয়।
এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদেরও নির্মাণসামগ্রী সঠিকভাবে সংরক্ষণ ও ঢেকে রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি উপস্থিত জনগণকে পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণ প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি নির্মাণকাজে সংশ্লিষ্ট সবাইকে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ এবং আইন মেনে চলার আহ্বান জানান।
