এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর( সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে অনুপস্থিত থাকার পর পুনরায় দায়িত্বে ফিরেছেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটো ও চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর খসরু। জেলা প্রশাসনের পৃথক আদেশে তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে গত ১৭ জুন জারি করা পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে মো. আলমগীর খসরুকে চামারদানী ইউনিয়ন পরিষদ এবং সঞ্জিব রঞ্জন তালুকদারকে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই চেয়ারম্যানই দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এ সময়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত হয়।
পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন তাদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে। এর ফলে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা শুরু করেন।
স্থানীয়দের প্রত্যাশা, দায়িত্বে ফিরে ইউনিয়ন পরিষদের সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর খসরু বলেন, আমি জনগণের ভোটে বিজয়ী হয়েছি, আমার কাছে মানুষের প্রত্যাশা অনেক। বাকি দিনগুলো মানুষের প্রত্যাশা পূরণ, ভোগান্তি লাগেরর চেষ্টা ও এলাকার উন্নয়নে কাজ করে যাবো।
মধ্যনগ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার বলেন, একটা পরিষদে চেয়ারম্যান না থাকলে জনগণের ভোগান্তির শিকার হতে হয়, বাকি সময় টুকু মানুষের সেবায় কাজ করে যেতে চাই।
