মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের রান্না ঘর থেকে একটি ঘরগিন্নী সাপ উদ্ধার করা হয়েছে।..
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বন্যপ্রাণী সুরক্ষা সংগঠনের সদস্যরা ওই সাপটি উদ্ধার করেন। পরে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করেন।
উদ্ধারকারী দলের প্রধান ও ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, সকালে ইউএনওর কার্যালয় থেকে খবর আসে তার ঘরে নাকি সাপ। এমন খবর শুনেই তার দল ছুটে যায় ইউএনওর সরকারি বাসভবনে। গিয়ে দেখেন রান্নাঘরের ভেতরে সাপটি লুকিয়ে আছে। এরপর সেটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সাপটি লম্বায় প্রায় দুই ফুট এবং গায়ের রঙ খয়েরি ও শরীরে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া সাপটির নাম ঘরগিন্নী। এটি সম্পূর্ণ বিষমুক্ত এবং পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এ ধরনের সাপ ঘরে থাকা ইঁদুর, টিকটিকি, তেলাপোকা ও বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো.খলিলুর রহমান বলেন, ইউএনওর সরকারি বাসভবন থেকে বন্যপ্রাণী সুরক্ষা সংগঠনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। পরে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
ঘরগিন্নী সাপ বিষমুক্ত এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। তাই এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিৎ।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্যালয় সূত্র জানিয়েছে, ইউএনওর বাসার বাবুর্চি রান্নাঘরে গেলে সাপটি দেখতে পান। পরে উদ্ধারকারীদের খবর দিলে তারা দ্রুত এসে সাতটিকে নিয়ে যান।
