রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হওয়া অসহায় হানিফ মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বেলগাছা ইউনিয়নে পশ্চিম চর মন্নিয়া গ্রামের বাসিন্দা হানিফ মোল্লাকে প্রশাসনের উদ্যোগে একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে যমুনা নদীর তীব্র ভাঙনের শিকার হানিফ মোল্লা।নদীভাঙনে বসতভিটা ও ঘরবাড়ি একাধিকবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বারবার স্থান পরিবর্তন করে কোনোমতে টিকে থাকার লড়াই চালাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি;সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার সর্বশেষ মাথা গোঁজার ঠাঁই ঘরটিও পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি চরম দুর্ভোগ ও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।
অসহায় এই পরিবারটির চরম দুর্দশার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ায় ইসলামপুর উপজেলা প্রশাসন। প্রশাসনের বিশেষ উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে হানিফ মোল্লার জন্য একটি নতুন নিরাপদ বসতঘর নির্মাণ করে দেওয়া হয়। নতুন ঘর পেয়ে হানিফ মোল্লা ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আবারও নিরাপদ আশ্রয়ে মাথা গোঁজার সুযোগ পান।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান,নদীভাঙন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কার্যকর উদ্যোগ অসহায় পরিবারগুলোর মনে বেঁচে থাকার নতুন আশার আলো সঞ্চার করেছে।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন বলেন, “আমরা দুর্গম চরাঞ্চল ও নদী ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রকৃত ভুক্তভোগী ও গৃহহীন পরিবারগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে।”
নতুন ঘর হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এবং স্থানীয় বিএনপি নেতা আফসার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
