মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পৃথক দুটি স্থানে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ জুন ২০২৬ তারিখ রাত ৯টায় ভাঙ্গুড়া উপজেলার মাস্টারপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে মাস্টারপাড়া গ্রামের মৃত ময়েন সিকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (২৬)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই রাতে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে রাত ১০টায় উপজেলার পাটুলীপাড়া এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের অপরাধে দিয়ারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. রনি হোসেন (৩০) এবং পাটুলীপাড়া গ্রামের মো. সোহেল রানার ছেলে মো. সোহাগ রানা (২০)-কে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় উভয়কে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের মোবাইল কোর্ট ও আইন প্রয়োগকারী সংস্থার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
