আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: রপ্তানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মেহেরপুরে আম উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. বাবুল মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ফসল উইংয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী আখতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. আব্দুস সাত্তার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।
সভায় আমের উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপযোগী মান নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আমচাষিদের সমস্যা, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে আম উৎপাদন করতে পারলে বিদেশে রপ্তানি বৃদ্ধি পাবে, যা একদিকে কৃষকদের আয় বাড়াবে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
