আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামে এক হিন্দু পরিবারের পারিবারিক শ্মশান ও পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় দুই অবসরপ্রাপ্ত সহোদর শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী গীতা রানী মিত্র জানান, তাঁর শ্বশুর শশী ভূষণ মিত্রের মৃত্যুর পর তাঁর সম্পত্তি তিন ছেলে—লাল মোহন মিত্র, কার্তিক চন্দ্র মিত্র ও গণেশ চন্দ্র মিত্র উত্তরাধিকার সূত্রে লাভ করেন। প্রায় ১৪ বছর আগে তাঁর স্বামী কার্তিক চন্দ্র মিত্র মারা যান। পরে প্রায় তিন বছর আগে গণেশ চন্দ্র মিত্র তাঁর অংশের জমি দলিলের মাধ্যমে ভাতিজা মিহির কান্তি মিত্রের কাছে বিক্রি করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে তিন ভাই মিলে স্থানীয় আব্দুল খালেক মৃধা ও লতিফ মৃধার কাছে সাড়ে ৪১ কড়া (স্থানীয় মাপ) জমি বিক্রি করেন। তবে বর্তমানে ক্রেতা পক্ষ সাড়ে ৪১ কড়ার পরিবর্তে প্রায় ৪৮ কড়া জমি জোরপূর্বক ভোগদখল করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গীতা রানী মিত্রের অভিযোগ, বিক্রিকৃত জমির বাইরে তাঁদের পারিবারিক শ্মশান রয়েছে। ওই শ্মশানে শশী ভূষণ মিত্রসহ পরিবারের তিন সদস্যের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু বর্তমানে প্রভাবশালী ব্যক্তিরা শ্মশানের জমিও নিজেদের দাবি করে দখলে নিয়েছেন। এমনকি শ্মশানের সমাধিগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় দুই যুগ আগে পরিবারের সদস্য বিউটি মিত্রের বিয়ের সময় স্থানীয় আব্দুল খালেক মৃধার কাছ থেকে ৩ হাজার টাকা ধার নেওয়া হয়েছিল। পরে একাধিকবার সেই টাকা পরিশোধ করতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি। বিষয়টি নিয়ে ২০২৪ সালের ৫ আগস্টের আগেই তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের উদ্যোগে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিনের ওই দেনা ৬০ হাজার টাকায় নিষ্পত্তি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আব্দুল খালেক মৃধার মুঠোফোনে (০১৭২৮-৭৯৮৯২০) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, হিন্দু পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
