লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৯ জুন) দুপুরে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তের অংশ হিসেবে লামা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার ১ নম্বর আসামি রাশেদের কাছ থেকে ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া ৮ হাজার ৫০০ টাকা এবং ৩ নম্বর আসামি হৃদয়ের কাছ থেকে স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
