ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৩ বছরের স্কুলছাত্রী নিখোঁজ: ‘প্রেম করে পালিয়েছে’ মন্তব্যে প্রশ্ন, অপহরণ মামলার তদন্ত নিয়ে উদ্বেগ

Mahamudul Hasan Babu
June 30, 2026 10:27 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর বদলগাছী উপজেলায় সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের হওয়া অপহরণ মামলাকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ পার হলেও কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে নওগাঁ জেলার পুলিশ সুপারের একটি হোয়াটসঅ্যাপ বার্তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ জুন কোচিং ও স্কুল শেষে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় নিয়মিত মামলা রুজু করে।

সংবাদ প্রকাশের পর নওগাঁ জেলা পুলিশ ও সাংবাদিকদের সমন্বয়ে পরিচালিত পুলিশ মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম লিখেন, “প্রকৃতপক্ষে এখানে কেহ অপহরণ হয়নি। দুইজনের সাথে অনেক দিনের সম্পর্ক ছিল, তারা প্রেম করে পালিয়ে গেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অনেক ধন্যবাদ।”

পুলিশ সুপারের এই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, যেহেতু নিখোঁজ শিক্ষার্থীর বয়স মাত্র ১৩ বছর এবং সে আইনগতভাবে নাবালিকা, তাই বিষয়টি কেবল ‘প্রেম করে পালিয়ে যাওয়া’ হিসেবে উপস্থাপন করলে তদন্তের গুরুত্ব ও ঘটনার আইনি দিক নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।

আইনজীবীদের মতে, কোনো নাবালিকা স্বেচ্ছায় কারও সঙ্গে চলে গেলেও আইনগতভাবে বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হতে পারে। বিশেষ করে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা তদন্ত শেষ হওয়ার আগে ঘটনার প্রকৃতি সম্পর্কে নিশ্চিত মন্তব্য জনমনে নানা প্রশ্নের জন্ম দিতে পারে।

এদিকে মামলার বাদী মোছা. নেসপাতি বেগম অভিযোগ করেছেন, ঘটনার তিন সপ্তাহ অতিবাহিত হলেও তার মেয়েকে উদ্ধার কিংবা প্রধান আসামিকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি দ্রুত মেয়েকে উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, মামলাটি নথিভুক্ত হওয়ার পর থেকেই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সচেতন মহলের অভিমত, একটি ১৩ বছর বয়সী স্কুলছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাকে ‘প্রেম করে পালিয়ে যাওয়া’ হিসেবে ব্যাখ্যা করার পরিবর্তে উদ্ধার অভিযান জোরদার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করাই হওয়া উচিত। এতে একদিকে যেমন জনমনে আস্থা তৈরি হবে, অন্যদিকে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশাও আরও শক্তিশালী হবে।