আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা তপন হত্যা মামলার ছয় মাস অতিবাহিত হলেও খুনিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।নিহত তপন হোসেন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হিন্দুপাড়ার মজিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্প্রতি এ হত্যা মামলার একজন আসামি হাড়াভাঙ্গা গ্রামের পুরাতনপাড়ার ফজল আলীর ছেলে মন্টু শাহ (৪০) কে র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
তবে মামলার অন্যান্য আসামিদের এখনো গ্রেফতার না করায় নিহতের পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ,কয়েকজন আসামি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে তপন হোসেন বাড়ি থেকে মরিচ ও কলার ক্ষেত দেখতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও সাহেবনগর মাঠসংলগ্ন কল্যাণপুর গ্রামের হাজীপাড়া এলাকার একটি পেঁপে বাগান থেকে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২২, তারিখ ২২/১২/২০২৫ ইং। মামলা দায়ের করা হয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায়।
নিহতের স্ত্রী রুপা খাতুন বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৬ মাস পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি এখনও গ্রেপ্তার হয়নি। আমি দ্রুত আসামির গ্রেপ্তার এবং এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।
নিহতের ভাই শামীম হোসেন বলেন, শুধু মন্টু শাহকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন হাড়াভাঙ্গা হাজীপাড়ার ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন ওরফে রাসেল, হাজীপাড়ার মামুনের ছেলে ইউসুফ আলী, পশ্চিমপাড়ার রাহাতুলের ছেলে লিটন আলী, সেন্টারপাড়ার রুহুলের ছেলে ঘুটু ও মিন্টু এবং হালসানা পাড়ার কেরামত আলীর ছেলে নেয়ামত আলী। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মন্টু শাহকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, মামলা দায়েরের পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও সাত জন আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার না হওয়ায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত আসামীদের আইনের আওতায় এনে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
