এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের আলোর দিশারী প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্যার চাকুরী জীবন থেকে অবসর নিয়েছেন। ঊজ্বল ও গৌরবময় ৩১ বছরের চাকুরী জীবন শেষ করে সকলের প্রিয় এই মানুষটি আজ ৩০ জুন-২০২৬ মঙ্গলবার দুপুর থেকে অবসরে যান তিনি।
তাঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি ঘিরে তাঁর চিরচেনা বিদ্যালয়ের আঙিনায় এক আবেগঘন পরিবেশে তৈরি হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের চোখের জলে ভারী হয়ে উঠে অনুষ্ঠানস্থল। একপর্যায় একে অপরকে জড়িয়ে ধরে পড়ে যায় কান্নার রোল। প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে শিক্ষার্থীরা তাঁর পা ছুঁয়ে সালাম করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
এসময় সহকর্মী ও শিক্ষার্থীরা বলেন, চাকুরী জীবনের স্মৃতি বিজড়িত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আশা মহিউদ্দিন স্যার বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুধু একজন প্রশাসনিক প্রধানই ছিলেন না, বরং তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকদের পথপ্রদর্শক এবং এলাকায় শিক্ষার আলো ছড়ানোর মূল কারিগর। তাঁর হাত ধরে হাজারো শিক্ষার্থী আজ দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর মেধা, শ্রম, চিন্তা ও সৃষ্টিশীল দক্ষতায় বিদ্যালয়টি যেমন দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর সুনাম কুড়িয়েছে। তেমনি শিক্ষা ক্ষেত্রে আজ হয়ে উঠেছে অনন্য উদাহারণ। বিদায় বেলায় প্রিয় স্যারের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। কর্মজীবন থেকে অবসর নিলেও তিনি আজীবন বেঁচে থাকবেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণায় এবং হাজারো শিক্ষার্থীর হৃদয়ে। মহিউদ্দিন স্যার-এর প্রাতিষ্ঠানিক বিদায় মানেই তাঁর অধ্যায়ের শেষ নয়। বিরল অঞ্চলের মানুষের কাছে শিক্ষার আলো ছড়ানোর জন্য তিনি আজীবন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। তাঁর গড়া এই বিদ্যাপীঠ এবং তাঁর রেখে যাওয়া আদর্শই আগামী দিনে হাজারো শিক্ষার্থীকে পথ দেখাবে।
উল্লেখ্য, শিক্ষায় পিছিয়ে থাকা এই অঞ্চলটিকে আলোর পথে আনতে ১৯৯৫ সালে মহিউদ্দিন স্যার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রতিষ্ঠান গড়ার গুরুদায়িত্ব। শূন্য থেকে শুরু করে নিজের মেধা, শ্রম এবং অক্লান্ত ত্যাগের বিনিময়ে তিনি গড়ে তোলেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়। জীবনের সেরা ৩১টি বছর তিনি উৎসর্গ করেছেন এই বিদ্যালয়ের প্রতিটি ইটের পেছনে, প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যতের দিকে।
এব্যাপারে বিদায়ী প্রধান শিক্ষক মহিউদ্দিন স্যার বলেন, আমি শুধু একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাইনি। আমি চেয়েছিলাম একদল সৎ ও আদর্শ মানুষ তৈরি করতে। আজ কর্মক্ষেত্র থেকে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার প্রাণ পড়ে থাকবে এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি শ্রেণীকক্ষে। তোমরা যেখানেই যাও, সৎ থেকো এবং দেশের কল্যাণ করো।
