ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর

Mahamudul Hasan Babu
July 1, 2026 3:15 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে ১ম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী ইউনিয়ন হাইওয়ে থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের বাবা ও মা গুরুতর আহত হয়েছেন। নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাতে কুকিল চন্দ্র পঞ্চগড় থেকে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে শিশু খুশি রানী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।নিহতের পিতা কুকিল চন্দ্র আকুল কণ্ঠে জানান, পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঘাতক ট্রাক্টরটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। চোখের পলকেই তার মেয়েটি ট্রাক্টরের নিচে পিষ্ট হয়।ময়দানদিঘী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে।