আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ০১টি ককটেল সদৃশ বস্তু এবং ০১টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (০১ জুলাই, ২০২৬) সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় কসবা মোল্লাপাড়ার বাসিন্দা মৃত আকছেদ আলীর ছেলে মোঃ রজব আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির মালিক রজব আলীসহ পরিবারের সদস্যরা তাদের সিঁড়ির নিচে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু এবং একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক পরিত্যক্ত ককটেল সদৃশ বস্তু ও চিরকুটটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে বস্তুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
গাংনী থানা সূত্রে জানানো হয়েছে, কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
