রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৯৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় একটি করে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট ও স্টাম্প সেট বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রমজান আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
