লামা প্রতিনিধিঃ বান্দরবানের লামা বাজার থেকে কক্সবাজার জেলার চকরিয়া থানার দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন— মোঃ শাহ আলম (৫৫), পিতা নূর আহামদ, মাতা ছলেমা খাতুন এবং মোঃ রুবেল (৩০), পিতা মোঃ শাহ আলম। তারা উভয়েই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুই ব্যক্তি চকরিয়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে লামা বাজার এলাকা থেকে তাদের আটক করে।
আটকের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
লামা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন থানার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
