মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক এলাকায় মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মল্লিকচক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মল্লিকচক গ্রামের মো. শিহাব উদ্দিন (২৩), পিতা: আব্দুল লতিফ এবং একই গ্রামের মো. নাছিম উদ্দিন (২৭), পিতা: মো. আফজাল সরকার।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান , জানান মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
