রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০টি অবৈধ চায়না জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযানটি পরিচালনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, চায়না জাল ব্যবহারের ফলে নদী-খাল ও জলাশয়ের ছোট মাছ এবং মাছের পোনা নির্বিচারে নিধন হয়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি জেলেদের ও সাধারণ জনগণকে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
স্থানীয়রা মৎস্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
