ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Mahamudul Hasan Babu
July 10, 2026 5:00 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন আলী (৪৩) নামের এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হিন্দা গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। আহত রিপন আলী ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাতের অন্ধকারে গরু চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে ঘুমন্ত রিপন আলীর ওপর দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে হামলা চালানো হয়। হামলায় তার কানের পাশ থেকে গাল পর্যন্ত গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

আহত রিপন আলী জানান, প্রতিবেশী সেলিম রেজার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলছে। এর আগেও জমির ফসল নষ্ট করাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই বিরোধের জের ধরেই ঘুমন্ত অবস্থায় তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রিপন আলীর ভাই মিলন জানান, ঘটনার আগে টর্চলাইট মারার বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাতেই ঘুমন্ত অবস্থায় সেলিম রেজা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল হোসেন খোকন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন, পূর্ববিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক জানান, রিপন আলীর কানের পাশ থেকে গাল পর্যন্ত গভীর ক্ষত রয়েছে। সেখানে ১১টি সেলাই দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিম রেজার বক্তব্য পাওয়া যায়নি।