নিজস্ব প্রতিবেদক: সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন উন্নীত করার সরকারি প্রজ্ঞাপন জারির ছয় মাস পার হলেও এখনো বাস্তবায়ন হয়নি। বেতন নির্ধারণ (ফিক্সেশন) প্রক্রিয়া শুরু না হওয়ায় তারা এখনো আগের গ্রেড অনুযায়ী বেতন পাচ্ছেন। একই সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাবও প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে।
আদালতের রায়ের পর গত ডিসেম্বরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে। নতুন গ্রেড অনুযায়ী তাঁদের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা হওয়ার কথা। এর আগে প্রধান শিক্ষকরা ১১ ও ১২তম গ্রেডে কর্মরত ছিলেন।
প্রধান শিক্ষকদের অভিযোগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের দীর্ঘসূত্রতার কারণে বেতন ফিক্সেশন আটকে আছে। তারা জানিয়েছেন, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ফিক্সেশন কার্যক্রম শুরু না হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করবেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারণী কমিটির চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা এবং নির্বাহী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ছয় মাস পার হলেও ১০ম গ্রেডের বেতন বাস্তবায়ন না হওয়ায় প্রধান শিক্ষকরা আর্থিক ক্ষতির পাশাপাশি বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁদের আশঙ্কা, ১ জুলাই থেকে কার্যকর নতুন পে-স্কেলের আগে ১০ম গ্রেডের ফিক্সেশন সম্পন্ন না হলে বেতন বৈষম্য আরও বাড়বে।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেওয়া হলেও তাঁদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছিল ১১ ও ১২তম। পরে ১০ম গ্রেড ও গেজেটেড কর্মকর্তার মর্যাদার দাবিতে ৪৫ জন প্রধান শিক্ষক উচ্চ আদালতে রিট করেন। ২০২৫ সালের মার্চে সর্বোচ্চ আদালত তাঁদের পক্ষে চূড়ান্ত রায় দেন। এরপর প্রথমে রিটকারী ৪৫ জন এবং পরে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক হবে এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাবও এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এ প্রস্তাব কার্যকর হলে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে সাড়ে তিন লাখের বেশি সহকারী শিক্ষক। এছাড়া আরও ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এদিকে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে শূন্য থাকা ৩৬ হাজার ২৩৫টি প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
